ভারতের রাজধানী দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে অংশ নিতে যাওয়ার আগেই ইউটিউবার ধ্রুব রাঠীকে আটক করেছে গুরুগ্রাম পুলিশ। পুলিশের নির্দেশ অমান্য করে দিল্লির উদ্দেশে রওনা হওয়ার চেষ্টা করায় তাকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট পুলিশ সূত্রের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম।
প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার গুরুগ্রামের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহার আবাসিক এলাকায় ধ্রুব রাঠীর বাসায় পুলিশের একটি দল যায়। এ সময় তাকে দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজিত বিক্ষোভে যোগ না দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অমান্য করলে আটক করা হতে পারে বলেও তাকে সতর্ক করা হয়েছিল।
শনিবারের বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ। কর্মসূচিতে বিপুলসংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা করা হয়। তবে বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিরাপত্তার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কয়েকটি মেট্রো স্টেশনের প্রবেশ ও বের হওয়ার গেট বন্ধ রাখা এবং নির্দিষ্ট সময়ের জন্য একাধিক ট্রেনের চলাচল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি জনপথ-কর্তব্য পথ মোড়ের আশপাশের নির্দিষ্ট এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট সেবাও বন্ধ রাখা হয়।
বিক্ষোভে অংশ নিতে আসা আরও কয়েক শ মানুষকে দিল্লির বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
অন্যদিকে, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানিয়েছেন, বিভিন্ন বিধিনিষেধ সত্ত্বেও তাদের সমর্থকেরা যন্তর মন্তরে বিক্ষোভ করার পরিকল্পনায় অটল রয়েছেন। জনদুর্ভোগের কারণ দেখিয়ে বিক্ষোভে বাধা দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস ও প্রকাশিত সংবাদ প্রতিবেদন।










