জনগণের ভোটে নির্বাচিত সরকারকে রাজপথের আন্দোলন বা চাপ সৃষ্টি করে ক্ষমতাচ্যুত করা যাবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেছেন, সরকার পাঁচ বছরের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। জনগণই একমাত্র সরকারকে ক্ষমতা থেকে সরাতে পারে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর কিম্মত আলী গোলাম রব্বান খান উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলের সমালোচনা করে আহমেদ আযম খান বলেন, তারা মনে করছে, রাজপথে স্লোগান দিলেই সরকার পদত্যাগ করবে এবং তারা ক্ষমতায় চলে যাবে। কিন্তু জনগণের ভোটে নির্বাচিত সরকারকে এভাবে সরানো সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পাশে থাকার আহ্বান জানান। তিনি বলেন, আগামী পাঁচ বছর সরকারের সঙ্গে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিরোধী দলের উসকানিতে পা দেওয়া যাবে না। দেশ গঠনে সরকার কাজ করছে বলেও দাবি করেন তিনি।
বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, সরকারের ভালো কাজকে সমর্থন করতে হবে এবং খারাপ কাজের সমালোচনা করতে হবে। তবে সেই সমালোচনা সংসদের ভেতরে করা উচিত। রাজপথে এমন কোনো কর্মসূচি দেওয়া উচিত নয়, যাতে সাধারণ মানুষের ভোগান্তি ও ক্ষতি হয়।
তিনি আরও বলেন, সরকার ভালো কাজ করলে জনগণ আগামী নির্বাচনেও ভোট দেবে। আর কাজ খারাপ হলে পাঁচ বছর পর জনগণই তার মূল্যায়ন করবে। বিরোধী দলের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি দাবি করেন, এসব কর্মকাণ্ডের কারণে আগামী নির্বাচনে দলটি আরও কম আসন পেতে পারে।
নিজের নির্বাচনি এলাকার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আহমেদ আযম খান বলেন, তিনি প্রতি সপ্তাহে বাসাইল ও সখীপুরে আসেন এবং সরকারি বরাদ্দ মানুষের মধ্যে বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে যুক্ত থাকেন। তার ভাষ্য, তিনি দিনরাত কাজ করছেন এবং বিশ্রামেরও সময় পাচ্ছেন না।
দেশের বিভিন্ন এলাকায় মন্ত্রী ও সংসদ সদস্যরা কাজ করছেন উল্লেখ করে তিনি বিরোধী দলের আন্দোলন ও লং মার্চের সমালোচনা করেন। জ্বালানি সংকটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তেলের অভাবের মধ্যেও শত শত গাড়ি নিয়ে লং মার্চ করা হচ্ছে।
মন্ত্রী দাবি করেন, কোথাও কোনো অঘটন ঘটলে সরকার ব্যবস্থা নিচ্ছে। তিনি পুনর্ব্যক্ত করেন, জনগণ সরকারকে এক বছরের জন্য নয়, পাঁচ বছরের জন্য ভোট দিয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শরিফুল ইসলাম খান সভাপতিত্ব করেন। এ সময় মুক্তিযুদ্ধমন্ত্রীর সহধর্মিণী বেগম নার্গিস সিদ্দিকা, বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম মামুনুর রশীদসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।










