ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চেন্নাই বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। রোববার (১১ অক্টোবর) তামিলনাড়ু তথ্য ও জনসংযোগ বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।
প্রধানমন্ত্রী মোদির চেন্নাই সফরকে কেন্দ্র করে বেশ কয়েকটি কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। সফরে তিনি নগর পরিবহন, প্রযুক্তি গবেষণা, শিক্ষা এবং অবকাঠামো উন্নয়নসংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন। পাশাপাশি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও হস্তান্তর করার কথা রয়েছে তার।
সফরসূচি অনুযায়ী, মোদি চেন্নাই মেট্রোতে পোরুর বাইপাস স্টেশন থেকে পুনামাল্লি বাইপাস স্টেশন পর্যন্ত ভ্রমণ করবেন। পরে একই পথে ফিরে আসবেন তিনি। এ ছাড়া শহরের জালাকান্তেশ্বর মন্দিরে পূজা দেওয়ার কর্মসূচিও রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর।
এরপর তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাদ্রাজের (আইআইটি মাদ্রাজ) ব্রেন সেন্টার পরিদর্শন করবেন। প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে জানার পাশাপাশি সেখানে সংশ্লিষ্টদের সঙ্গে তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ১৩ হাজার কোটি রুপির বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও হস্তান্তর করবেন মোদি। এসব প্রকল্পের মাধ্যমে অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে অগ্রগতি ত্বরান্বিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ারও কথা রয়েছে তার।
এ ছাড়া চেন্নাইয়ের জয়গোপাল গারোদিয়া হিন্দু বিদ্যালয় ম্যাট্রিকুলেশন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে অতিথি ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
চেন্নাই বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বিজয়ের স্বাগত জানানোর মধ্য দিয়ে মোদির তামিলনাড়ু সফরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। সফরে ঘোষিত উন্নয়ন প্রকল্পগুলোর পাশাপাশি শিক্ষা ও প্রযুক্তি খাতের কর্মসূচিও গুরুত্ব পাচ্ছে।
তথ্যসূত্র: বার্তা সংস্থা এএনআই










