জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আলোচিত সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক বি এম তারিকুল কবীর এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে সিয়ামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া তার নামে থাকা জ্ঞাত আয়বহির্ভূত ৩১ লাখ ৮১ হাজার টাকার সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।
দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি জানান, আসামির বয়স বিবেচনায় নিয়ে আদালত সাজা নির্ধারণ করেছেন। রায় ঘোষণার আগে সিয়ামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা জারির পর তাকে আবার কারাগারে পাঠানো হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৫ জানুয়ারি দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন সিয়ামের বিরুদ্ধে মামলা করেন। এতে ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। তদন্তে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
গত ১৭ জুন আদালত সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। ১৩ সেপ্টেম্বর মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এতে ১১ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। পরে ৩০ সেপ্টেম্বর উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ১৫ অক্টোবর দিন ধার্য করা হয়।
প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আলোচিত আবেদ আলীর ছেলে সিয়ামকে ২০২৫ সালের ২০ জানুয়ারি দুদক গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।










