মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। বুধবার (১৪ অক্টোবর) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তিনি এখন অনেকটাই সুস্থ। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস উপস্থিত ছিলেন।
গত ১৬ সেপ্টেম্বর ফলোআপ চিকিৎসার জন্য মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে যান মির্জা আব্বাস। এর আগে দীর্ঘ প্রায় পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন তিনি।
গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয় তাঁকে। সেখানে দেড় মাস চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ায় নেওয়া হয়েছিল।










