জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রকল্প’ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয় সংসদ। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে কমিটির সভাপতি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সার্বিক নির্দেশনা অনুযায়ী এ কমিটি গঠন করা হয়। সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত কমিটির মূল দায়িত্ব হবে ই-জাতীয় সংসদ প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিস্তারিতভাবে পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় সুপারিশ দেওয়া।
কমিটির অন্য সদস্যরা হলেন সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিনকাসেম, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, আখতার হোসেন, লুৎফুল্লাহেল মাজেদ ও আন্না মিন্জ।
জাতীয় সংসদ সচিবালয়ের মহাপরিচালক (বিঅ্যান্ডআইটি) কমিটির সচিব হিসেবে প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করবেন।
প্রকল্পটির উদ্দেশ্য হলো জাতীয় সংসদের কার্যক্রমকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তোলা। এ লক্ষ্যে প্রকল্পের পরিকল্পনা, কাঠামো ও বাস্তবায়নসংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে কমিটি।
এ ছাড়া দেশে আধুনিক ই-পার্লামেন্ট ব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় বাস্তবায়ন কার্যক্রম পরিচালনার দায়িত্বও দেওয়া হয়েছে কমিটিকে। প্রকল্পের কাজ সুষ্ঠু ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার স্বার্থে প্রয়োজন হলে কমিটি পরবর্তী সময়ে আরও সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।
ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে সংসদের কার্যক্রম আরও গতিশীল, দক্ষ ও আধুনিক করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। প্রকল্পটি বাস্তবায়িত হলে সংসদের বিভিন্ন কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।










