দেশ ও সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে দেশের ভেতরে ও বাইরে থেকে একটি চক্র ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এসব অপচেষ্টা প্রতিহত করতে সরকার আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সার্বিক উদ্যোগ নিয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে ও নিরাপদে তাঁদের ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে বারবার নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে জাতীয় কমিটি গঠন করে পূজা উদ্যাপন কমিটির সঙ্গে যোগাযোগ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দলের নেতাকর্মীদের প্রতিটি পূজামণ্ডপের কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে, পাহারার ব্যবস্থা করতে এবং ধর্মীয় পরিবেশ ও ভাবগাম্ভীর্য বজায় রাখতে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।
নবাবগঞ্জ এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ তুলে রিজভী বলেন, এখানে হিন্দু সম্প্রদায়ের উল্লেখযোগ্যসংখ্যক মানুষের বসবাস রয়েছে। ঢাকা ১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক আগেও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থেকেছেন। আসন্ন দুর্গাপূজা নিরাপদে উদ্যাপনে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেন রিজভী।
অনুষ্ঠানে ঢাকা ১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, বাংলাদেশ সবার দেশ। প্রত্যেকে নিজ নিজ ধর্ম ও জীবনধারা অনুসরণ করে বসবাস করবেন। কেউ কারও ধর্মকে ছোট করে দেখবেন না। তিনি আরও জানান, দুর্গাপূজার নিরাপত্তায় তাঁর দলের নেতাকর্মীরা প্রতিটি পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি খন্দকার আবু হাসান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মী এবং বিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।










