জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন বজায় রাখা এবং প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী সংসদ ভবন প্রাঙ্গণের মাঠ, বাগান ও বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় সংসদ ভবনসংলগ্ন এলাকার সার্বিক পরিবেশ, অবকাঠামোগত অবস্থা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।
জাতীয় সংসদ প্লাজার সৌন্দর্য ও পরিবেশ অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী নিয়মিত পরিচর্যা ও যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার নির্দেশ দেন। বিশেষ করে মাঠ ও বাগান পরিষ্কার রাখা, সবুজায়ন বজায় রাখা এবং বিদ্যমান গাছপালার সঠিক পরিচর্যায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।
এ ছাড়া সংসদ প্লাজা ও এর আশপাশের এলাকায় যেসব স্থানে সংস্কার প্রয়োজন, সেগুলো চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করার কথা বলেন প্রধানমন্ত্রী।
জাতীয় সংসদ ভবন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় এর স্থাপত্যশৈলী ও নান্দনিক পরিবেশ সংরক্ষণের বিষয়েও গুরুত্ব দেন তিনি। সংসদ ভবন প্রাঙ্গণ এবং সংলগ্ন এলাকার সৌন্দর্য বজায় রাখতে নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর এই পরিদর্শনের মধ্য দিয়ে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।










