বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১২টার পর শহরের আলতাফুন্নেছা খেলার মাঠের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও।
ভিডিওতে তিন যুবককে এনসিপির কার্যালয়ে তেল বা পেট্রলজাতীয় তরল পদার্থ ছিটিয়ে আগুন দিতে দেখা যায়। এ সময় আরেকজনকে মোবাইল ফোনে পুরো ঘটনা ধারণ করতে দেখা গেছে। তবে ভিডিওতে জড়িত ব্যক্তিদের মুখ স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি।
ঘটনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির বগুড়া জেলা কমিটির সদস্যসচিব সুলতান মাহমুদ। তাঁর ভাষ্য অনুযায়ী, রাত ১টা থেকে দেড়টার মধ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। সকালে বিষয়টি জানার পর তাঁরা প্রশাসনকে অবহিত করেন। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।
সুলতান মাহমুদ বলেন, দলের কেন্দ্রীয় কমিটিকে বিষয়টি জানানো হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত সরকারের অনুসারীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। গণঅভ্যুত্থান থেকে উঠে আসা দলটিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। তবে এখনই নির্দিষ্ট কাউকে দায়ী করার সময় হয়নি উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান এনসিপির এই নেতা।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ও গণমাধ্যম মুখপাত্র আতাউর রহমান জানান, পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।










