হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার পর সাগরে ভাসতে দেখা গেছে আইফোনের বাক্স ও দামি সুগন্ধির প্যাকেট। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ছোট নৌকায় থাকা কয়েকজনকে সাগরে ভাসমান পণ্য সংগ্রহ করতে দেখা যায়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরের পতাকাবাহী জিএফএস প্রাইড নামের জাহাজটি দুবাই থেকে পণ্য নিয়ে যাচ্ছিল। বুধবার অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে জাহাজটিতে আগুন ধরে এবং পরে সেটি ডুবে যায় বলে সামুদ্রিক কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছেন।
সিঙ্গাপুরের সামুদ্রিক ও বন্দর কর্তৃপক্ষ জানায়, জাহাজটির ২১ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি বলে জানানো হয়েছে।
তবে জাহাজডুবির কারণ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রমের সময় নৌমাইনে আঘাত লেগে জাহাজটি ডুবে যায়। ফলে প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, জাহাজটিতে প্রায় আড়াই হাজার কনটেইনার ছিল। এসব কনটেইনারে আইফোন, বিলাসবহুল সুগন্ধিসহ বিভিন্ন পণ্য পরিবহন করা হচ্ছিল।
এদিকে হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা বেড়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সংস্থা ৪৮ ঘণ্টায় ড্রোন হামলাসহ অন্তত পাঁচটি ঘটনার কথা জানিয়েছে।
পৃথক ঘটনায় অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার কেপ দাও ডুবে গেছে। গত ২৩ সেপ্টেম্বর প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত ওই জাহাজের এক নাবিক নিহত হন।
যুদ্ধের আগে বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা পরিস্থিতির অবনতি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে, দ্য সান ও রয়টার্স










