আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর | বাংলা গেজেটা
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি অগ্নিকাণ্ডে ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার দিবাগত রাতে টঙ্গীর মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর মিলগেট এলাকার কাদেরিয়া গেটে একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১টা ১৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় খাবারের হোটেল, মুদি ও মনোহারি দোকানসহ মোট আটটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী, এ অগ্নিকাণ্ডে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে প্রায় ২৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
অন্যদিকে, শুক্রবার দিবাগত রাত ১টা ৩৯ মিনিটে টঙ্গীর আউচপাড়ার খাঁপাড়া রোডে দুটি সেমিপাকা দোকানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ২টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
এই ঘটনায় আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। একই সঙ্গে প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ শাহিন আলম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে দুটি আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করতে আরও তদন্ত প্রয়োজন। পরপর দুটি ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।










