রাজধানীর গেণ্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে এক হাতে হ্যান্ড মাইক ও অন্য হাতে পিস্তল নিয়ে অংশ নিতে দেখা গেছে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে। অভিযানের সময় কয়েকজনকে ধাওয়া করে অস্ত্র তাক করে দাঁড়ানোর নির্দেশ দেন তিনি। এ ঘটনায় আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ইশরাক হোসেনের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে এ দৃশ্য দেখা যায়। ভিডিওতে গাড়ি থেকে নেমে কয়েকজনকে ধাওয়া করার পাশাপাশি পিস্তল তাক করে তাঁদের থামতে বলতে দেখা যায় প্রতিমন্ত্রীকে। একই ভিডিওতে সাদা পোশাকের আরেক ব্যক্তিকেও অস্ত্র হাতে ধাওয়া করতে দেখা যায়।
রোববার (১৮ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ঘটনাটি পর্যালোচনা না করে এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না। সংশ্লিষ্ট উপপুলিশ কমিশনার বিষয়টি খতিয়ে দেখে প্রতিবেদন দেবেন। সেখানে আইনের ব্যত্যয় পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মাদকবিরোধী অভিযানে একজন প্রতিমন্ত্রী পুলিশের মতো দায়িত্ব পালন করতে পারেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিবিপ্রধান মন্তব্য করতে রাজি হননি।
এদিকে, শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া আরেকটি পোস্টে ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন ইশরাক হোসেন।
তিনি জানান, মাদক কারবারে জড়িত ব্যক্তিরা যে রাজনৈতিক দলেরই হোন না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি নিজের দলের কেউ মাদক কারবারে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও জানান, ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় আগেও মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। এলাকাটিকে মাদকমুক্ত করার লক্ষ্যে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাও চেয়েছেন তিনি।
তবে গেণ্ডারিয়ার ঘটনাটি নিয়ে পুলিশের তদন্ত বা পর্যালোচনার চূড়ান্ত ফল এখনো জানানো হয়নি।










