নিজস্ব প্রতিবেদক | বাংলা গেজেটা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের পরিচ্ছন্নতাকর্মীদের ৬৮০টি পরিবারকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই সম্প্রদায়ের পূজা উদযাপন কমিটিকে বিশেষ আর্থিক অনুদান দেওয়া হয়।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর দয়াগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে এসব উপহার তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দুর্গাপূজার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করার নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী তাঁদের কাছে উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি বলেন, তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের মানুষের প্রধান পরিচয় তাঁরা বাংলাদেশের নাগরিক। পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করার কারণে তাঁদের সামাজিক মর্যাদা কিংবা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। সরকার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে চায় বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও ঘোষণা দেন, তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের যোগ্য ও কর্মক্ষম বেকারদের সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। পরিচ্ছন্নতাকর্মীদের আবাসনের জন্য প্রস্তাবিত ১৭টি আবাসিক ভবন নির্মাণের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এনে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সমস্যা সমাধানে স্থায়ী ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। জরাজীর্ণ আবাসন পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি তাঁদের দীর্ঘদিনের পানির সমস্যার সমাধান এবং একটি মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
প্রশাসক আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্যবিমা এবং কর্মকালীন দুর্ঘটনায় কোনো কর্মী নিহত হলে তাঁর পরিবারকে এককালীন চার লাখ টাকা সহায়তা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে।
অনুষ্ঠানে ডিএসসিসির কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, দুই সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।










