নিজস্ব প্রতিবেদক | বাংলা গেজেটা
মন্ত্রিসভা থেকে ইশরাক হোসেনের পদত্যাগকে ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তাঁর মতে, এই পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়, বরং ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক দায়িত্ব পালনের নতুন পথ খুলে দিতে পারে।
সোমবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন মাহদী আমিন। বর্তমানে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন জানিয়ে তিনি লেখেন, সেখান থেকেই ইশরাক হোসেনের পদত্যাগের খবর জানতে পেরেছেন।
ইশরাকের সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরে মাহদী আমিন বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে ইশরাকের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তাঁকে রাজপথের আন্দোলনের একজন সাহসী যোদ্ধা হিসেবেও উল্লেখ করেন তিনি।
বিএনপির ইয়ুথ এনগেজমেন্ট, কূটনৈতিক যোগাযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমসংশ্লিষ্ট বিভিন্ন কাজে একসঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন মাহদী আমিন। তাঁর ভাষ্য, জাতীয়তাবাদী আদর্শ ও দেশপ্রেম ইশরাক যেভাবে ধারণ করেন, তা অনন্য।
ইশরাকের সাম্প্রতিক কর্মকাণ্ডের পদ্ধতি ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বা মতভিন্নতা থাকতে পারে বলেও স্বীকার করেন মাহদী আমিন। তবে সংশ্লিষ্ট উদ্যোগের লক্ষ্য, নৈতিকতা ও যৌক্তিকতা নিয়ে দ্বিধার অবকাশ নেই বলে মন্তব্য করেন তিনি।
মাহদী আমিন আরও বলেন, প্রতিমন্ত্রীর পদ কিংবা পদত্যাগপত্র দিয়ে ইশরাকের রাজনৈতিক পরিচয় ও আত্মত্যাগের মূল্যায়ন করা সম্ভব নয়। দল, দেশ ও মানুষের কল্যাণে তাঁর অবদান এবং আন্তরিকতাই বেশি গুরুত্বপূর্ণ।
পোস্টে তিনি সরকারের জবাবদিহির বিষয়টিও তুলে ধরেন। তাঁর মতে, সরকারের প্রতিটি পর্যায়ে দায়বদ্ধতা নিশ্চিত করার ধারা অব্যাহত থাকা প্রয়োজন।
মাহদী আমিনের আশা, আত্মোপলব্ধি ও সংশোধনের মধ্য দিয়ে ইশরাক হোসেন ভবিষ্যতে আরও বৃহত্তর ও জনমুখী রাজনৈতিক দায়িত্ব পালনের সুযোগ পাবেন।










