রাঙ্গামাটি প্রতিনিধি | বাংলা গেজেটা
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে ফের অবরোধের কারণে আটকে পড়া ২ হাজার ৯৩৩ জন পর্যটককে বিশেষ নিরাপত্তায় খাগড়াছড়ির উদ্দেশে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তা প্রহরায় পর্যটকদের বহনকারী যানবাহন সাজেক থেকে বাঘাইহাটের উদ্দেশে রওনা হয়। সেখান থেকে তাঁদের খাগড়াছড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।
এর আগে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সাজেক সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং শুরু করেন অবরোধকারীরা। এতে সড়ক যোগাযোগ ব্যাহত হয় এবং পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়।
এর আগে বুধবার সন্ধ্যায় জরুরি বিজ্ঞপ্তি দিয়ে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে রাঙ্গামাটি জেলা প্রশাসন। জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটনকেন্দ্র বন্ধ রাখার কথা জানানো হয়। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি বুধবার বিকেলে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণার পর এ পরিস্থিতির সৃষ্টি হয়। সংগঠন দুটি জানিয়েছে, তাদের দাবির মধ্যে রয়েছে এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং স্থানীয় বাসিন্দাদের জানমালের সুরক্ষা।
এর আগে ১১ অক্টোবরও অবরোধের কারণে সাজেকে পর্যটন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরে কয়েক দিন কর্মসূচি স্থগিত থাকার পর ১৫ অক্টোবর থেকে আবার অবরোধ শুরু হয়। দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল।
সাজেক দেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোর একটি। সেখানে বারবার অবরোধ ও পর্যটন কার্যক্রম বন্ধের কারণে স্থানীয় ব্যবসা, হোটেল, কটেজ, পরিবহন এবং পর্যটননির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।










