সদরপুর প্রতিনিধি | বাংলা গেজেটা
ফরিদপুরের সদরপুরে কলেজজীবনের বন্ধুর পরিচয়ে এক মোবাইল ব্যবসায়ীকে ফাঁদে ফেলে ১৮ ঘণ্টা আটকে রেখে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে ওই ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কদমতলা এলাকার খাদিজাতুল কোবরা মাদ্রাসার তৃতীয় তলার একটি কক্ষ থেকে ব্যবসায়ী ইব্রাহীম খান (২৮) কে উদ্ধার করা হয়। এ সময় অঞ্জনা আক্তার (২৫) ও মালা আক্তার (১৯) নামে দুই নারীকে গ্রেপ্তার করে পুলিশ।
ভুক্তভোগী ইব্রাহীমের অভিযোগ, অঞ্জনা তাঁর কলেজজীবনের পরিচিত বন্ধু। কয়েক দিন আগে অঞ্জনা তাঁকে মালার সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর মালার সঙ্গে তাঁর মুঠোফোনে কথাবার্তা হতো। গত ২০ অক্টোবর রাতে অঞ্জনার ডাকে মাদ্রাসার একটি কক্ষে গেলে সেখানে আগে থেকেই মালা উপস্থিত ছিলেন। একপর্যায়ে অঞ্জনা বাইরে যাওয়ার কথা বলে কক্ষের দরজা বাইরে থেকে আটকে দেন বলে অভিযোগ করেন তিনি।
ইব্রাহীমের ভাষ্য অনুযায়ী, কিছুক্ষণ পর অঞ্জনার স্বামী সুমনসহ ১০ থেকে ১২ জন যুবক সেখানে এসে তাঁকে মারধর করেন। এ সময় তাঁর মুঠোফোন ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে আরও দেড় লাখ টাকা দাবি করা হয়। এরপর তাঁকে প্রায় ১৮ ঘণ্টা আটকে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি।
পরে কৌশলে এক আত্মীয়কে ফোন করে ঘটনাস্থলে টাকা নিয়ে আসতে বলেন ইব্রাহীম। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ওই আত্মীয় সদরপুর থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে সুমনসহ অন্য অভিযুক্তরা পালিয়ে যান।
এ ঘটনায় ইব্রাহীম খান অঞ্জনা, তাঁর স্বামী সুমন, মালাসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল মামুন শাহ জানান, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার দুই নারীকে আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে এবং অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।










