টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় ফিরিয়ে রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে রাষ্ট্রদূত দাউদ আলী অংশ নিচ্ছেন না।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপে কপ-৩১ জলবায়ু সম্মেলন সামনে রেখে আয়োজিত জাতীয় সংলাপ ও বাংলাদেশের জাতীয় অবস্থানপত্র প্রকাশ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর সরকারি সফরে জাপান যাবেন। এ সফরের মাধ্যমে বাংলাদেশে নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন শামা ওবায়েদ। দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার ক্ষেত্রেও সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এদিকে, তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরার পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সীমিত বাজেট নিয়েও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও অভিযোজন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
শামা ওবায়েদ বলেন, জলবায়ু সম্মেলনে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি অভিযোজন ও প্রশমন কার্যক্রমে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। ক্ষতিগ্রস্ত দেশগুলোর ওপর ঋণের চাপ না বাড়াতে এই সহায়তা মূলত অনুদান হিসেবে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর তহবিল গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। পাশাপাশি আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করতে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের আহ্বান জানান তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় যৌথভাবে আন্তমন্ত্রণালয় ফোকাল টিম গঠন করেছে বলেও জানান শামা ওবায়েদ। জলবায়ু বিষয়ে কাজ করা তরুণদেরও এই উদ্যোগে যুক্ত করার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।










