ঢাকার সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ দোকান বসালে সরাসরি মামলা করা হবে এবং দোকানের মালামাল জব্দ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি জানিয়েছেন, অবৈধ দোকান সরাতে আর অনুরোধ করা হবে না, নেওয়া হবে আইনি ব্যবস্থা।
শনিবার (২৪ অক্টোবর) ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে রাজধানীতে বিশেষ মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান চলাকালে তিনি এ ঘোষণা দেন। এদিন সংস্থাটির ৭৫টি ওয়ার্ডে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
ডিএসসিসি প্রশাসক বলেন, অবৈধ হকার ও ভাসমান দোকানের কারণে রাজধানীতে যানজট তৈরি হচ্ছে, পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে এবং বিভিন্ন স্থানে ময়লা জমছে। নগরবাসী এসব সমস্যা থেকে মুক্তি চান। তাই মানবিকতার কথা বলে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে না। সিটি করপোরেশনের নির্ধারিত নিয়ম অমান্য করে দোকান বসালে মালামাল জব্দের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউমার্কেটে আবার উচ্ছেদ অভিযান
নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে আগামী সপ্তাহে আবারও উচ্ছেদ অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন আবদুস সালাম। তিনি বলেন, কোনো অবস্থাতেই সড়কে হকার বসতে দেওয়া হবে না।
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিচ্ছন্নতা বজায় রাখার বিকল্প নেই। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও যানজট নিরসনেও পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।
মালিবাগে সরানো হয়েছে বর্জ্য স্থানান্তর কেন্দ্র
মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ের সামনে থাকা বর্জ্য স্থানান্তর কেন্দ্রটি জনস্বার্থে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান ডিএসসিসি প্রশাসক। সেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন একটি কেন্দ্র নির্মাণ করা হচ্ছে, যার কাজ চলতি মাসের মধ্যে শেষ হওয়ার কথা।
শনিবারের অভিযান সিআইডি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল ও নয়াপল্টন হয়ে ফকিরাপুলে শেষ হয়। এ সময় বর্জ্য অপসারণ, অবৈধ দোকান উচ্ছেদ এবং নগরবাসীর মধ্যে সচেতনতা তৈরির কার্যক্রম পরিচালিত হয়।








