আজ ২৫ অক্টোবর ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন। ১৯৯৫ সালের এই দিনে ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করেন তিনি। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চিকিৎসক ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান আইন পেশায় নিজের যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে পরিচিতি গড়ে তুলেছেন।
জাইমা রহমানের দাদা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দাদি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁর মাতামহ ছিলেন সাবেক রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান।
ঢাকার ইন্টারন্যাশনাল স্কুলে প্রাথমিক শিক্ষা শুরু করেন জাইমা। ২০০৮ সালে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে যাওয়ার পর সেখানেই তাঁর পরবর্তী শিক্ষাজীবন কাটে। লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি ইনার টেম্পল থেকে ব্যারিস্টারি সনদ নেন। এর মাধ্যমে ইংল্যান্ড ও ওয়েলসে আইন পেশায় কাজ করার যোগ্যতা অর্জন করেন।
বাংলাদেশ ও যুক্তরাজ্যে আইনসংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। বাংলাদেশে আইন প্রতিষ্ঠান সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটসের সঙ্গে যুক্ত থেকে সাংবিধানিক, করপোরেট ও বাণিজ্যিক আইন এবং সরকারি বেসরকারি অংশীদারত্ব বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেন। যুক্তরাজ্যে আবাসন, কর্মসংস্থান ও কল্যাণমূলক আইনসংক্রান্ত কাজের পাশাপাশি বিনামূল্যে আইনি সহায়তা কার্যক্রমেও যুক্ত ছিলেন তিনি।
পেশাগত কাজের বাইরে সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত জাইমা রহমান। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রসারে কাজ করা সংস্থা সুরভীর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সুশাসন, ডিজিটাল নিরাপত্তা, বিচারপ্রাপ্তি ও লিঙ্গসমতার মতো বিষয়েও তাঁর আগ্রহ রয়েছে।
জন্মদিনে শুভানুধ্যায়ীরা তাঁর সুস্বাস্থ্য, সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন। একই সঙ্গে আইন পেশা ও সমাজকল্যাণমূলক কাজে তাঁর আরও অবদানের প্রত্যাশা করছেন অনেকে।










