রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর এলাকার গিরিয়ারপাড়ে তিস্তা সেচ ক্যানেলের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নোহালী ইউনিয়নের বাগদোহরা গ্রামের রেজাউল ওরফে কানা (৪২) এবং উপজেলার কোলকন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (৩২)।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সাবুর জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়ার বাসিন্দা সিদ্দিকুর রহমান সোহেল ভোরে তাঁর অটোরিকশা রাখার ঘর থেকে শব্দ শুনতে পান। ঘর থেকে বের হয়ে তিনি দেখতে পান, কেউ অটোরিকশাটি নিয়ে যাচ্ছে। এ সময় কাছের একটি মসজিদে ফজরের নামাজ চলছিল।
সোহেলের চিৎকার শুনে মসজিদ থেকে কয়েকজন মুসল্লি বের হয়ে সন্দেহভাজনদের ধাওয়া করেন। শুরুতে তাঁদের আটক করতে না পারায় মসজিদের মাইকে বিষয়টি জানানো হয়। পরে আরও কয়েকজন স্থানীয় বাসিন্দা ধাওয়ায় যোগ দেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সন্দেহভাজন দুজন অটোরিকশাটি ফেলে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে সেচ ক্যানেলের কাছে ধানখেত দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাঁদের ঘিরে ধরে মারধর করেন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ওসি আবদুস সাবুর জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।










