ঢাকা থেকে চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেন আজ সোমবার (২৬ অক্টোবর) থেকে কক্সবাজার পর্যন্ত চলাচল করবে। রুট সম্প্রসারণের ফলে নরসিংদী, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ পথে বিভিন্ন স্টেশনের যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, মহানগর এক্সপ্রেস রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করবে। ঢাকা থেকে কক্সবাজার পৌঁছাতে ট্রেনটির সময় লাগবে প্রায় সাড়ে ৯ ঘণ্টা।
বর্ধিত রুটে ট্রেনটি ঢাকা বিমানবন্দর, নরসিংদী, ভৈরব, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাঙ্গলকোট, ফেনী ও চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দেবে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে রোববার।
এতদিন মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত চলাচল করত। রুট সম্প্রসারণের ফলে কক্সবাজারগামী যাত্রীদের জন্য আরও একটি আন্তনগর ট্রেনের সুযোগ তৈরি হচ্ছে। বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস নামে দুটি আন্তনগর ট্রেন চলাচল করছে। ট্রেন দুটি ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দেয়।
মহানগর এক্সপ্রেসের বর্ধিত রুটের যাত্রা উদ্বোধন উপলক্ষে আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত থাকবেন।
নতুন এই রুট চালুর ফলে পথে আরও কয়েকটি স্টেশনের যাত্রীরা সরাসরি কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন। এতে পর্যটন নগরী কক্সবাজারে যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।










