ঢাকা সিলেট মহাসড়কের পার্শ্ববর্তী তারাবো ডেমরা সড়কের ডেমরা সেতুতে জরুরি মেরামতকাজ শুরু হচ্ছে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে। টানা দুই দিন মেরামতকাজ চলায় সেতু ও আশপাশের সড়কে যানজটের আশঙ্কা রয়েছে। এ কারণে চালকদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) হাইওয়ে পুলিশের স্টাফ অফিসার টু অ্যাডিশনাল আইজিপি তারিক লতিফের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার (২৮ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত ডেমরা সেতুর সম্প্রসারণ জোড়া বা এক্সপ্যানশন জয়েন্ট মেরামতের কাজ চলবে। নারায়ণগঞ্জ সড়ক বিভাগ এ কাজ বাস্তবায়ন করবে।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিমও সেতুটির জরুরি মেরামতকাজের বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, মেরামতকাজ চলাকালে সেতু ও সংলগ্ন সড়কে যান চলাচল ব্যাহত হতে পারে। এতে যানজট সৃষ্টি হওয়ার পাশাপাশি যাত্রী, পরিবহনচালক ও সংশ্লিষ্ট সড়ক ব্যবহারকারীদের ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে সম্ভাব্য যানজট এড়াতে চালকদের বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে পুলিশ। পাশাপাশি যাত্রী ও পরিবহনচালকদের গন্তব্যে পৌঁছানোর জন্য হাতে পর্যাপ্ত সময় নিয়ে যাত্রা শুরু করতে অনুরোধ জানানো হয়েছে।
ডেমরা সেতু দিয়ে নিয়মিত চলাচলকারী যাত্রী ও চালকদের তাই মঙ্গলবার ও বুধবার যাত্রার আগে নিজেদের রুট পরিকল্পনা করে নেওয়া এবং সম্ভাব্য বিলম্বের বিষয়টি বিবেচনায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।










