রাজধানীর অদূরে ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র্যাব-১০। অভিযানে বিপুল পরিমাণ প্রস্তুত ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল, উৎপাদন সরঞ্জাম ও বিভিন্ন যন্ত্রপাতিসহ চার মাদককারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে র্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবা উৎপাদন ও সরবরাহকারী একটি সংঘবদ্ধ চক্রের কার্যক্রম উন্মোচন করা হয়। অভিযান চলাকালে একটি গোপন কারখানা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, রাসায়নিক কাঁচামাল এবং ইয়াবা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়।
র্যাবের ভাষ্য অনুযায়ী, আটক চার ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজধানী ও আশপাশের এলাকায় ইয়াবা উৎপাদন ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অভিযানের বিস্তারিত তথ্য জানাতে শুক্রবার দুপুর ২টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে র্যাব-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান অভিযানের সার্বিক বিষয়, উদ্ধার হওয়া আলামত এবং আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, মাদক উৎপাদন ও পাচারচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

