সৌদি আরবের রাজধানী রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশে পৌঁছানোর কথা রয়েছে।
বিকেল ৪টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-৩৪০ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।
নিহত ৯ জনের মধ্যে ৭ জন নওগাঁর আত্রাই উপজেলার, একজন নাটোরের নলডাঙ্গা এবং একজন রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা। গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তারা নিহত হন।
সৌদি কর্তৃপক্ষ আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে প্রথম ধাপে ৯ জনের পরিচয় শনাক্ত করেছে। তবে বাকি ৭ জনের ডিএনএ পরীক্ষা এখনো শেষ হয়নি, তাই তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পরিচয় শনাক্ত হওয়া নিহতদের মরদেহ স্বজনদের কাছে পৌঁছে দিতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে, বাকি মরদেহগুলোর ডিএনএ পরীক্ষা শেষ করে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে দূতাবাস সূত্র জানিয়েছে।
স্বজনরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে এনে শেষবারের মতো প্রিয়জনকে দেখার অপেক্ষায় রয়েছেন।










