বিশ্বের বিভিন্ন স্থানে চলমান যুদ্ধের কারণে তেল সংকটের মধ্যে হাজার হাজার লিটার জ্বালানি খরচ করে বিরোধী দলের লংমার্চ কর্মসূচিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধের কারণে বর্তমানে তেল সংকট চলছে। এমন পরিস্থিতিতে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি পালন করা সম্পূর্ণ অযৌক্তিক।
তিনি আরও অভিযোগ করেন, জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট বিভিন্ন সময়ে নানা ধরনের বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এখন তেল, বিদ্যুৎ, সারসহ বিভিন্ন সংকটের কথা তুলে ধরে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পানিতে ডুবে শিশুদের মৃত্যুর ঘটনা কমাতে ছোটবেলা থেকেই শিশুদের সাঁতার শেখানোর ওপর গুরুত্বারোপ করেন। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা কে এম আব্দুল হালিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা, সাঁতার প্রশিক্ষণার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রীর বক্তব্যে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি নিয়ে রাজনৈতিক সমালোচনার পাশাপাশি জ্বালানি সাশ্রয় ও সামাজিক সচেতনতার বিষয়গুলোও উঠে আসে।










