অভিবাসন ব্যয় কমানোসহ প্রবাসীদের নানা সমস্যা সমাধান ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
রোববার (৬ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালি-বিধির ৭১ বিধিতে দেওয়া মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ কথা বলেন। কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি প্রবাসীদের সমস্যা সমাধানের বিষয়ে নোটিশটি উত্থাপন করেন।
নোটিশে মোবাশ্বের আলম প্রবাসীদের হয়রানি ও বিভিন্ন জটিলতা দ্রুত নিরসনের আহ্বান জানান। তিনি ই-পাসপোর্টের তথ্যগত জটিলতা, বিদেশে অপহরণ ও নির্যাতন, দালালচক্রের প্রতারণা, আইনি সহায়তা, দক্ষ জনশক্তি তৈরি, গামকা মেডিকেল পরীক্ষার অনিয়ম এবং অবৈধ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ ছাড়া অতিরিক্ত অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ, দূতাবাসের মাধ্যমে দ্রুত আইনি ও প্রশাসনিক সহায়তা, অসুস্থ প্রবাসীদের চিকিৎসা এবং বিদেশে মারা যাওয়া বাংলাদেশিদের মরদেহ দ্রুত ও বিনামূল্যে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার বিষয়েও তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
জবাবে প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং তাঁদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। বিদেশ যেতে ইচ্ছুক কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান তৈরিতেও সরকার কাজ করছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে ২৭টি দেশে ৩০টি শ্রমকল্যাণ উইং প্রবাসীদের সেবা দিচ্ছে। এ ছাড়া ১১টি দেশের ১৩টি কনস্যুলেটে ২২টি ল’ফার্ম বিপদগ্রস্ত প্রবাসীদের আইনি সহায়তা দিচ্ছে। সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা এবং ওমানে নারীদের সহায়তায় তিনটি সেফহোম রয়েছে বলেও জানান তিনি।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের বিভিন্ন সহায়তার কথা তুলে ধরে নুরুল হক নুর বলেন, অসুস্থ প্রবাসীদের চিকিৎসা, মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধীদের সহায়তা এবং বিদেশে মৃত্যুবরণকারীদের মরদেহ দেশে আনার ক্ষেত্রে সহায়তা দেওয়া হচ্ছে।
এ ছাড়া মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে প্রায় চার হাজার বাংলাদেশির ভিসা বাতিলের বিষয়টি কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। প্রবাসীদের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট তিন মন্ত্রণালয়ের সমন্বয়ে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।










