প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত ফেনী সফরের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ১৭ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী ফেনী সফর করবেন বলে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনী জেলা প্রশাসক মো. মাহবুবুল করিম সফরসূচি পুনর্নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেন।
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ এবং স্যানিটেশনসহ সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে সরকারের বিভিন্ন দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। ১ অক্টোবরের আগেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্য নিয়ে সংশ্লিষ্টরা কাজ করছেন বলেও জানান তিনি।
সফরের নতুন তারিখ ঘোষণা হলেও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের প্রস্তুতি অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচির প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
নতুন সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী পরশুরামে সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকে অনুমোদিত ‘মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের’ উদ্বোধন করবেন। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৪২ কোটি টাকা। ফেনীর বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং সংশ্লিষ্ট এলাকার মানুষের দুর্ভোগ কমাতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।
পরশুরামের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর ফুলগাজীর শ্রীপুর এলাকায় যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি তাঁর নানার বাড়িতে যাবেন বলে সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।
এরপর দুপুরে ফুলগাজী ডাকবাংলোয় নামাজ আদায় ও মধ্যাহ্নভোজের আয়োজন রয়েছে। সেখান থেকে প্রধানমন্ত্রী ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জনসভাস্থল ঘিরে স্থানীয় পর্যায়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে তাঁর হাত দিয়ে কয়েকটি জনকল্যাণমূলক কর্মসূচি উদ্বোধন ও সহায়তা প্রদান করার পরিকল্পনাও রয়েছে।
সফরসূচি অনুযায়ী, জনসভাস্থল থেকে প্রধানমন্ত্রীর মাধ্যমে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান করা হবে। পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি এবং অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা ফান্ড হস্তান্তরসহ বেশ কয়েকটি কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ও অবকাঠামোগত প্রস্তুতির পাশাপাশি জনসভা সফল করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সফরের আগে প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর ফেনী সফরের তারিখ পরিবর্তনের ফলে পূর্বনির্ধারিত কর্মসূচিগুলোও নতুন তারিখ অনুযায়ী বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ১ অক্টোবর প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব পক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।










