বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি দাবি করেছেন, ওই পদে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা পুতুলের ছিল না। একই সঙ্গে তার নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি ছিল এবং এতে দুর্নীতির অভিযোগের বিষয়ও উঠে এসেছে বলে মন্তব্য করেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, ডব্লিউএইচওর পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশ মালদ্বীপের প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সংবাদ সম্মেলনে আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর নিয়েও বিস্তারিত তথ্য তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী ওই দিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন। সফরকালে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারগুলো তুলে ধরা হবে।
প্রতিমন্ত্রী বলেন, নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকেও বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। এসব বৈঠকে দেশের অগ্রাধিকার, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে।
ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও কথা বলেন হুমায়ুন কবির। তিনি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ককে নতুন ও কার্যকর পর্যায়ে নিতে চায় ঢাকা। সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে তিনি বলেন, এ ধরনের জটিলতার সমাধান কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমেই করা হবে।
যুক্তরাষ্ট্র সফরের সময় রোহিঙ্গা সংকট নিয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। এ বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার পাশাপাশি একটি বিশেষ সাইডলাইন বৈঠক আয়োজনের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।
এ ছাড়া বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়েও সরকারের উদ্যোগের কথা জানান হুমায়ুন কবির। তিনি বলেন, অবৈধভাবে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং এ প্রক্রিয়ায় প্রয়োজনীয় আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হচ্ছে।










