বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে সাফল্য অর্জনকারী চার বাংলাদেশি হাফেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বিশ্বজয়ী কোরআন হাফেজদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তাদের অর্জনের জন্য শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চার হাফেজের হাতে বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের তরুণদের এমন অর্জন দেশের জন্য গৌরবের বিষয়।
এর আগে গত ১৯ আগস্ট সৌদি আরবে অনুষ্ঠিত বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ৪৬তম আসরে চার বাংলাদেশি তরুণ ও তরুণী বিভিন্ন বিভাগে কৃতিত্ব অর্জন করেন। তাদের মধ্যে শেখ মুহাম্মদ মাহমুদুল হাসান ও মুসফিরা বিনতে মাহমুদ এবং মুহাম্মদ জাকারিয়া ও রাবিতা বিনতে রমাদান রয়েছেন।
প্রতিযোগিতায় শেখ মুহাম্মদ মাহমুদুল হাসান প্রথম স্থান অর্জনসহ বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য সাফল্য বয়ে আনেন। একই প্রতিযোগিতার বিভিন্ন গ্রুপে অন্য বাংলাদেশি প্রতিযোগীরাও ভালো ফল করেন।
সৌদি আরবের মক্কায় পবিত্র মসজিদুল হারামে আয়োজিত বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিশাল বিজয়ীদের পুরস্কার প্রদান করেন।
এ ছাড়া প্রথমবারের মতো অনুষ্ঠিত নারীদের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে বাদশাহ সালমানের স্ত্রী প্রিন্সেস ফাহদাহ বিনতে ফালাহ আল হাথলিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি প্রতিযোগীদের এ সাফল্য দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ ও সম্মাননা প্রদান করা হলো।










