জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন ঘিরে নিউইয়র্কে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীদের নিয়ে বিশেষ বৈঠকের আয়োজন করেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
বৈঠকে মেলানিয়া ট্রাম্প তার নতুন বৈশ্বিক উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন। উদ্যোগটির লক্ষ্য বিশ্বের শিশুদের নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং সুবিধাবঞ্চিত শিশুদের সম্ভাবনা বিকাশে সহায়তা করা।
অনুষ্ঠানে মেলানিয়া ট্রাম্প জুবাইদা রহমানকে স্বাগত জানান এবং দুজনের মধ্যে কুশল বিনিময় হয়। পরে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাদের সাক্ষাতের একটি ছবি প্রকাশ করা হয়েছে।
মেলানিয়া ট্রাম্প বলেন, একটি সমৃদ্ধ ও নিরাপদ বিশ্ব গড়তে শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এ জন্য বিশ্বের বিভিন্ন দেশের ফার্স্ট লেডিদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তার উদ্যোগের মাধ্যমে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিরাও শিশুদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার বিষয়টি তুলে ধরেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি এই বৈঠক শিশুদের ভবিষ্যৎ ও কল্যাণকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার একটি পৃথক উদ্যোগ হিসেবে আয়োজন করা হয়।










