বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিটিএলএ) ২০২৬ থেকে ২০২৯ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে অ্যাডভোকেট রমিজউদ্দিন আহমেদ এবং মহাসচিব হিসেবে মো. মাজম আলী খান নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা ট্যাক্সেস বার হলরুমে সংগঠনটির ৩৯তম সাধারণ সভায় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে বিভিন্ন পদে মোট ৩১ জন কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ১১ জন ভাইস প্রেসিডেন্ট এবং ১১ জন ডেপুটি সেক্রেটারি জেনারেল রয়েছেন। দেশের বিভিন্ন অঞ্চল ও ট্যাক্সেস বার থেকে প্রতিনিধিদের অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠনটির নেতৃত্ব সাজানো হয়েছে।
নির্বাচিত ভাইস প্রেসিডেন্টরা হলেন ঢাকা ক্যাপিটাল সিটির সৈয়দ আবদুন নূর, চট্টগ্রামের আলহাজ মো. মুসা, ঢাকা বিভাগের মো. শামসুর রহমান খান, চট্টগ্রাম বিভাগের মোস্তফা কামাল মনসুর, খুলনা বিভাগের অ্যাডভোকেট খান মনিরুজ্জামান, রাজশাহী বিভাগের মো. মুনতাসির মামুন, বরিশাল বিভাগের এস এম এনায়েত করিম, সিলেট বিভাগের আবুল ফজল, কুমিল্লা বিভাগের হোসেইন আহমেদ শাহজাহান, ময়মনসিংহ বিভাগের মোহাম্মদ রুহুল আমিন এবং রংপুর বিভাগের কাজী মোস্তাফিজুর রহমান।
এডিশনাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন মো. আবু নাসের মজুমদার এবং ট্রেজারার হয়েছেন নুরুল্লাহ ভূঁইয়া বেলাল। ডেপুটি সেক্রেটারি জেনারেল পদে নির্বাচিত হয়েছেন এ টি এম রাশেদ বাবু, মো. ইমাম উদ্দিন, মো. জাহাঙ্গির আলম খান, মো. সারওয়ার আলম ভূঁইয়া, মো. আমিনুর রহমান, আমিরুল হাসান রতন, রাজিউল কবির, মো. মিজানুর রহমান (মিঠু), মো. আবুল হাসেম রতন, রাকিবুল আহসান ও মজমুল হোসেন প্রামাণিক।
এ ছাড়া অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে মো. সোলায়মান, লিগ্যাল এইড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি হিসেবে আশরাফ হোসেন খান, কালচারাল সেক্রেটারি হিসেবে এম এ হালিম মন্টু, ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি হিসেবে মো. নূর নবী পাটোয়ারী এবং অফিস সেক্রেটারি হিসেবে মো. জামালউদ্দিন নির্বাচিত হয়েছেন।
সংশ্লিষ্টদের তথ্যমতে, দেশের বিভিন্ন ট্যাক্সেস বার থেকে নতুন কমিটিতে প্রতিনিধিত্ব রয়েছে। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, লক্ষ্মীপুর, শেরপুর, রংপুর ও লালমনিরহাটের ট্যাক্সেস বার থেকেও বিভিন্ন পদে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। সংগঠনসংশ্লিষ্ট সূত্রে সারাদেশে ৪২ হাজারের বেশি ট্যাক্স আইনজীবী থাকার তথ্য জানানো হয়েছে।
দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হয়ে অ্যাডভোকেট রমিজউদ্দিন আহমেদ ট্যাক্স আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশের ট্যাক্স আইনজীবীদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিত করা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার জন্য তিনি কাজ করতে চান। এ ক্ষেত্রে সংগঠনের সব সদস্যের সহযোগিতাও কামনা করেন তিনি।
রমিজউদ্দিন আহমেদ আরও জানান, রাজস্ব ব্যবস্থাপনায় পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্যাক্স আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করে যৌথভাবে প্রশিক্ষণ ও সেমিনারের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে দেশের রাজস্ব আহরণ বৃদ্ধি এবং করদাতাদের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, বিটিএলএর কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে এনবিআর চেয়ারম্যানের কাছ থেকে সংগঠনের অফিসের জন্য অতিরিক্ত একটি কক্ষ বরাদ্দ পাওয়া গেছে। নতুন কমিটি ট্যাক্স আইনজীবীদের স্বার্থ সংরক্ষণ, পেশার মর্যাদা বৃদ্ধি এবং সংগঠনের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।










