ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠক চলছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়।
কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে দেশের শীর্ষস্থানীয় আইন বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন। সংবিধানের সামগ্রিক সংস্কার, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং সর্বজনগ্রাহ্য সংশোধনী খসড়া তৈরির বিষয়ে তাঁরা আইনি মতামত ও পরামর্শ দিচ্ছেন।
বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর প্রণীত জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নকে অগ্রাধিকার দিয়ে সংবিধান সংশোধনের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে। গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
এ ছাড়া গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের আইনি সুরক্ষা এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার সম্ভাব্য উপায় নিয়েও আলোচনা হচ্ছে। সংশ্লিষ্ট বিষয়ে আইনগত কাঠামো কীভাবে তৈরি করা যায়, সে বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা এবং এর এখতিয়ার সুনির্দিষ্ট করার বিষয়টিও বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে গণভোটের ব্যবস্থা পুনরায় চালুর আইনি দিক নিয়েও বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন।
সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন পক্ষের মতামত বিবেচনায় নিয়ে গ্রহণযোগ্য খসড়া প্রণয়নই কমিটির আলোচনার অন্যতম লক্ষ্য। তবে বৈঠকে আলোচিত প্রস্তাবগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা সংশোধনী খসড়ার বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।










