জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়া সফরে যাওয়া সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সংসদ সদস্য এস এম জিলানীকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা দিয়েছেন দেশটিতে অবস্থানরত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
রোববার (২৩ আগস্ট) বিকেলে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১-এ পৌঁছালে দলীয় নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে এস এম জিলানীকে স্বাগত জানান। এ সময় তাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
জানা গেছে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় আয়োজিত একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে দেশটিতে সফর করছেন এস এম জিলানী। সংগঠনের মালয়েশিয়া শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিমানবন্দরে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ড. এস এম রহমান তনু, সদস্য সচিব হেলাল সিকদার এবং ঢাকা শ্যামপুর থানা বিএনপির মফিজুর রহমান মাসুম।
এ ছাড়া মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম কবির, এম এম মোজাম্মেল হক প্রধান, মাহফুজুর রহমান, মাহফুজুর রহমান সোহেল, রাজা খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীরা এস এম জিলানীর সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। তারা মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম, প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয় এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময় করবেন বলে জানা গেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি মালয়েশিয়ায় বসবাসরত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেওয়ার কথা রয়েছে।
এস এম জিলানীর এই সফরকে কেন্দ্র করে মালয়েশিয়ায় থাকা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নেতাকর্মীরা আশা করছেন, তাঁর সফরের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রবাসে দলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার হবে।










