দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দ্রুত দালালমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোগীদের বিভ্রান্ত করে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার সঙ্গে জড়িত দালাল চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট নতুন জেলা হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
সাখাওয়াত হোসেন বলেন, গত এক মাসে তিনি দেশের ২৫টির বেশি হাসপাতাল পরিদর্শন করেছেন এবং চিকিৎসকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সময়মতো আসা-যাওয়ার যে সমস্যা রয়েছে, আগামী সাত কর্মদিবসের মধ্যে তার স্থায়ী সমাধানের নির্দেশ দিয়েছেন তিনি।
এ ছাড়া হাসপাতালের ড্রেনেজ ও পরিচ্ছন্নতার সমস্যাগুলোও সাত দিনের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন মন্ত্রী।
তিনি বলেন, রোগীদের মিথ্যা আশ্বাস দিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া একটি চিহ্নিত চক্রান্ত। এ ধরনের দালাল চক্র উৎখাতে ডিজিএফআই, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে। অভিযানের ফলে আগের তুলনায় দালালদের উৎপাত কমেছে বলেও দাবি করেন তিনি।
অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধেও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের মাধ্যমে এসব অভিযানে জরিমানা এবং অবৈধ প্রতিষ্ঠান সিলগালা করা হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্য খাতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, চলতি মাসের শেষ দিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে। আগামী তিন মাসের মধ্যে স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে সাড়ে ৭ হাজার নার্স ও আড়াই হাজার ডাক্তারসহ মোট নিয়োগের প্রায় ৮০ শতাংশই নারী কর্মী হবেন বলে জানান তিনি।
সিলেটের নবনির্মিত ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটিও আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালু করার আশ্বাস দেন মন্ত্রী।










