বর্তমান সংকট বৈশ্বিক ও এলএনজি টার্মিনালের ত্রুটিজনিত বলেও মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের
তেল-গ্যাস ও বিদ্যুৎ খাতের বর্তমান সংকটের পেছনে আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের দুর্নীতি ও লুটপাট দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত ‘সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুতের সংকট-সরকার ও জনগণের করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, তেল-গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকারের উদ্যোগকে পাশ কাটিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধিতার জন্য বিরোধিতা করা বিরোধী দলের দায়িত্ব হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান সংকটকে বৈশ্বিক পরিস্থিতির অংশ হিসেবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় জ্বালানি সরবরাহে প্রভাব পড়েছে। বাংলাদেশকে এলএনজি আমদানি করতে হয়, ফলে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সংকট তৈরি হওয়া স্বাভাবিক। পাশাপাশি এলএনজি টার্মিনালের ত্রুটিও সংকটের অন্যতম কারণ বলে জানান তিনি। টার্মিনাল মেরামতের কাজ চলছে বলেও উল্লেখ করেন রিজভী।
তিনি বলেন, সরকার বিরোধী দলগুলোর কাছে সংকট মোকাবিলায় পরামর্শ চাইলেও তারা কার্যকর পরামর্শ দিচ্ছে না। জনগণকে বিভ্রান্ত করার মাধ্যমে রাজনৈতিক লাভ ছাড়া আর কোনো উদ্দেশ্য থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী আরও বলেন, সংকটের কারণে সরকারের পাশাপাশি সাধারণ মানুষেরও সামাজিক দায়িত্ব পালন করতে হবে। সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় পুলিশে নিয়োগ প্রসঙ্গেও কথা বলেন রিজভী। তার দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ে দলীয় ভিত্তিতে পুলিশে নিয়োগ দেওয়ার কারণে নানা সমস্যা তৈরি হয়েছে। বর্তমানে সরকার পুলিশে গতি সঞ্চারের পাশাপাশি নিখোঁজ শিশুদের উদ্ধারে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতের আমিরকে উদ্দেশ করে রিজভী আরও বলেন, অশ্লীল ভাষা ও বক্তব্যকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত নয়। এ ধরনের কর্মকাণ্ড পরিহার করে রাজনৈতিক ও সামাজিক পরিবেশকে শালীন রাখার আহ্বান জানান তিনি।










