জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতাদের একটি প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) তার নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল পাশা বাবুল।
সভায় জানানো হয়, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতাদের নিয়ে এ পর্যন্ত ৩৪টি প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিমানবন্দর ও জাতিসংঘের আশপাশে কর্মসূচি পালনের ক্ষেত্রে সবাইকে শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি কোনো ধরনের পরিস্থিতিতে যাতে আইনশৃঙ্খলা বিঘ্নিত না হয়, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
সভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, শরাফত হোসেন বাবু, আনোয়ার হোসেন, নিয়াজ আহমেদ জুয়েল, আনোয়ারুল ইসলাম, আক্তার হোসেন বাদল, কাজী আজম, ফিরোজ আলম, সবুর খানসহ যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ও বর্তমান পর্যায়ের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
সভায় অংশ নেওয়া নেতারা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সমন্বয় করে কাজ করার কথা জানান। একই সঙ্গে সফরকে ঘিরে নিউইয়র্কে দলীয় নেতাকর্মীদের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার বিষয়েও আলোচনা হয়।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তারেক রহমানের ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাওয়ার বিষয়টি ইতোমধ্যে একাধিক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। সফরকালে জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও অন্যান্য কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।










