মাগুরার প্রশাসনের একটি অংশ বিএনপির নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ছাত্রলীগ ও জামায়াত-শিবিরের কর্মীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তার দাবি, প্রশাসনের এমন কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।
রবিউল ইসলাম নয়ন বলেন, মাগুরার প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডে তিনি দেখতে পাচ্ছেন, বিএনপির নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ছাত্রলীগ ও জামায়াত-শিবিরের কর্মীদের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি মাগুরা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদককে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলে ধরেন।
তিনি আরও দাবি করেন, মহম্মদপুর উপজেলায় সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী হিসেবে নিয়োগ পাওয়া ৯২ জনের মধ্যে ২৫ জন ছাত্রলীগের কর্মী রয়েছেন। উপজেলা বিএনপির নেতারা এ বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন করলেও এখন পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
প্রশাসনের উদ্দেশে নয়ন বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে প্রশাসনের একটি অংশ গোপনে বিএনপির আবেগের জায়গা তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে বলে তিনি মনে করেন। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনে আবারও আন্দোলন গড়ে তোলার কথাও জানান তিনি।
তিনি বলেন, নির্বাচনের আগেও বিএনপি জনগণের সঙ্গে ছিল এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার প্রতিশ্রুতি রয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গেও বক্তব্য দেন যুবদলের এই নেতা। তিনি বলেন, স্থানীয় জনগণ নিজেদের পছন্দ অনুযায়ী যোগ্য প্রার্থী বাছাই করবেন এবং নির্বাচনে সেই প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে তারেক রহমানের হাত শক্তিশালী করবেন।
নহাটা রানী পতিত মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খান বাচ্চু। সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










