রিয়াল মাদ্রিদের জার্সি ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমালেও ক্লাবটির প্রতি ভালোবাসা এখনও অটুট লুকা মদ্রিচের। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে ৪১ বছর বয়সী এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ভবিষ্যতে আবারও রিয়াল মাদ্রিদে ফিরতে চান। তবে খেলোয়াড় হিসেবে নয়, ফিরতে চান এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে, যেখানে তার অভিজ্ঞতা ক্লাবের কাজে লাগবে।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-কে দেওয়া সাক্ষাৎকারে মদ্রিচ বলেন, রিয়াল মাদ্রিদের প্রতি তার সমর্থন ও ভালোবাসা আজীবন থাকবে। একই সঙ্গে ছোটবেলা থেকেই এসি মিলানের প্রতিও তার আলাদা টান রয়েছে। বর্তমানে মিলানে নিজের জীবন নিয়েও সন্তুষ্ট তিনি।
নতুন ক্লাবে অভিজ্ঞতা নিয়ে মদ্রিচ জানান, শুরু থেকেই মিলান ও সমর্থকদের কাছ থেকে দারুণ অভ্যর্থনা পেয়েছেন। শহরটিও তার ভালো লেগেছে। রিয়াল ও মিলানের মধ্যে পার্থক্য থাকলেও ইতালির এই শহরে সময়টা উপভোগ করছেন বলে জানান তিনি।
দুই ক্লাবের ঐতিহ্য নিয়েও কথা বলেন মদ্রিচ। তার মতে, রিয়াল মাদ্রিদ ইতিহাসের অন্যতম সেরা দল। অন্যদিকে ইউরোপিয়ান সাফল্যের বিচারে এসি মিলানেরও রয়েছে বিশাল মর্যাদা। পুরোনো গৌরব ফিরে পেলে মিলান আবারও নিজেদের সেরা অবস্থানে ফিরতে পারে বলে মনে করেন তিনি।
নিজের ভবিষ্যৎ নিয়ে মদ্রিচ জানান, খেলোয়াড়ি জীবন শেষে রিয়াল মাদ্রিদে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। তবে শুধুমাত্র অতীতের পরিচয় বা নামের কারণে ক্লাবে ফিরতে চান না তিনি। বরং এমন দায়িত্ব চান, যেখানে তার অভিজ্ঞতা বাস্তবভাবে কাজে লাগবে এবং ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
অবসর নিয়েও এখনই ভাবছেন না মদ্রিচ। তার কাছে বয়সের চেয়ে পারফরম্যান্স ও ফুটবল উপভোগ করাটাই বেশি গুরুত্বপূর্ণ। যতদিন নিজের খেলায় সন্তুষ্ট থাকবেন এবং শারীরিকভাবে সক্ষম থাকবেন, ততদিন মাঠে থাকতে চান এই তারকা মিডফিল্ডার।










