বার্সেলোনার নতুন স্থায়ী অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। ২০২৬-২৭ মৌসুমে স্প্যানিশ জায়ান্টদের নেতৃত্ব দেবেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। এর মধ্য দিয়ে ক্লাবটির ১৩৫ বছরের ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে স্থায়ী অধিনায়ক হওয়ার নজির গড়লেন তিনি।
রোববার (৬ সেপ্টেম্বর) ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে বার্সেলোনার নতুন নেতৃত্ব কাঠামো ঘোষণা করেন কোচ হানসি ফ্লিক। পাঁচ সদস্যের নেতৃত্ব দলের প্রথম অধিনায়ক হিসেবে রাফিনহা এবং দ্বিতীয় অধিনায়ক হিসেবে পেদ্রিকে বেছে নিয়েছেন কোচ নিজেই।
বাকি তিন সদস্য—এরিক গার্সিয়া, ফ্রেঙ্কি ডি ইয়ং ও তরুণ তারকা লামিনে ইয়ামালকে নির্বাচিত করেছেন দলের খেলোয়াড়রা। নতুন নেতৃত্ব কাঠামোয় অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয় ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
রাফিনহাকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কোচ হানসি ফ্লিক। তিনি বলেন, দলের মধ্যে রাফিনহা ও পেদ্রির প্রভাব সবচেয়ে বেশি এবং তারা প্রায় প্রতিটি ম্যাচেই একাদশে থাকে। তাই তাদের নেতৃত্বে রাখার সিদ্ধান্তটি তার কাছে স্বাভাবিক ও স্পষ্ট ছিল।
বার্সেলোনার ইতিহাসে বহু কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার খেলেছেন। রোনালদিনহো, রোনালদো নাজারিও, রোমারিও, রিভালদো কিংবা নেইমারের মতো তারকারা ক্লাবটির জার্সিতে অসাধারণ সাফল্য পেলেও কেউই স্থায়ী অধিনায়ক হওয়ার সুযোগ পাননি। সেই জায়গায় রাফিনহার এই অর্জনকে বিশেষ মর্যাদার হিসেবে দেখা হচ্ছে।
২০২২ সালে ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেড থেকে প্রায় ৫৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনায় যোগ দেন রাফিনহা। এরপর থেকে ক্লাবটির হয়ে ১৬০টি ম্যাচে ৮০ গোল করেছেন তিনি। জিতেছেন তিনটি লা লিগাসহ একাধিক শিরোপা।
মাঠে গোল ও অ্যাসিস্টের পাশাপাশি নেতৃত্বগুণ এবং দলের প্রতি প্রভাবের কারণে ধীরে ধীরে বার্সেলোনার গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন রাফিনহা। এবার স্থায়ী অধিনায়কের আর্মব্যান্ড পেয়ে তার দায়িত্ব আরও বেড়ে গেল।
ব্রাজিলিয়ান ফুটবলের দীর্ঘ ঐতিহ্য ও বার্সেলোনার সমৃদ্ধ ইতিহাসের মাঝে রাফিনহার এই অর্জন তাই তার ক্যারিয়ারের অন্যতম বড় মাইলফলক হয়ে থাকল।










