এশিয়ান গেমসের ক্রিকেটে কোয়ার্টার ফাইনালের আট দল নিশ্চিত হয়েছে। সরাসরি শেষ আটে জায়গা পাওয়া বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে এবার পেয়েছে মালয়েশিয়াকে। সোমবার থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই, যেখানে চার ম্যাচে মুখোমুখি হবে এশিয়ার শীর্ষ ক্রিকেট দলগুলো।
‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল ওমানের। তবে নিশিনে অনুষ্ঠিতব্য ম্যাচটি টানা বৃষ্টির কারণে মাঠে গড়াতে পারেনি। এমনকি ম্যাচে টসও করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হলে দুই দল পয়েন্ট ভাগ করে নেয়। এতে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মালয়েশিয়া।
অন্যদিকে দুই পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়েছে হংকং। এক পয়েন্ট পাওয়া ওমান গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। কোয়ার্টার ফাইনালে হংকংয়ের প্রতিপক্ষ হয়েছে পাকিস্তান
‘এ’ গ্রুপেও বৃষ্টির প্রভাব পড়েছে। নেপাল ও জাপানের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় নেপাল গ্রুপের শীর্ষে থেকে শেষ আটে উঠেছে। স্বাগতিক জাপান বিদায় নিয়েছে। এই গ্রুপের রানার্সআপ আফগানিস্তানও কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে।
আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান আগেই সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল। গ্রুপ পর্বের ফলাফল যুক্ত হওয়ার পর আট দলের কোয়ার্টার ফাইনাল সূচি চূড়ান্ত হয়েছে।
সূচি অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় প্রথম কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে হংকং। একই দিন সকাল ১১টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে খেলবে ভারত।
মঙ্গলবার সকাল ৬টায় মুখোমুখি হবে নেপাল ও শ্রীলঙ্কা। একই দিন বেলা ১১টায় মাঠে নামবে বাংলাদেশ ও মালয়েশিয়া। ফলে কোয়ার্টার ফাইনালেই বাংলাদেশের সামনে পরিচিত প্রতিপক্ষ মালয়েশিয়া।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়া এখন পর্যন্ত একবার মুখোমুখি হয়েছে। ২০২৩ সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালেও দুই দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে বাংলাদেশ মাত্র ২ রানে জয় পেয়ে সেমিফাইনালে উঠেছিল।
এবারও কোয়ার্টার ফাইনালে দুই দলের লড়াই ঘিরে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। চার ম্যাচের ফলাফলের মধ্য দিয়ে নির্ধারিত হবে কোন চার দল সেমিফাইনালে জায়গা করে নেবে।










