মহাবিশ্বের রহস্য উন্মোচনে নতুন টেলিস্কোপ মহাকাশে পাঠাতে যাচ্ছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। ‘ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ’ নামের এই অত্যাধুনিক টেলিস্কোপের উৎক্ষেপণের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী ৩০ আগস্ট এটি মহাকাশে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সময় বিকেল ৫টা ২৬ মিনিটের পর টেলিস্কোপটির উৎক্ষেপণ হতে পারে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স ৩৯এ থেকে স্পেসএক্সের ফ্যালকন হেভি রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা হবে।
সায়েন্সডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২১ আগস্ট ফ্লোরিডায় নাসা, রোমান টেলিস্কোপ প্রকল্পের দল এবং স্পেসএক্সের কর্মকর্তারা ‘ফ্লাইট রেডিনেস রিভিউ’ করেন। সেখানে মহাকাশযান, রকেট, উৎক্ষেপণস্থলসহ পুরো মিশনের প্রস্তুতি পর্যালোচনা করা হয়।
পর্যালোচনার পর কর্মকর্তারা জানান, টেলিস্কোপটি উৎক্ষেপণের জন্য শেষ ধাপের প্রস্তুতিতে রয়েছে। বর্তমানে এটি ফ্যালকন হেভি রকেটের বিশেষ সুরক্ষা আবরণের ভেতরে রাখা হয়েছে।
নাসার নতুন প্রজন্মের এই মহাকাশ টেলিস্কোপ একই সময়ে আকাশের বিশাল একটি এলাকা পর্যবেক্ষণ করতে সক্ষম হবে। এর মাধ্যমে বিজ্ঞানীরা মহাবিশ্বের বিবর্তন, এর ক্রমাগত সম্প্রসারণ এবং মহাবিশ্বের ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য অনুসন্ধান করবেন।
এ ছাড়া সৌরজগতের বাইরের গ্রহ বা এক্সোপ্ল্যানেট নিয়েও গবেষণা করবে রোমান টেলিস্কোপ। দূরবর্তী এসব গ্রহ ও নক্ষত্র সম্পর্কে নতুন তথ্য পাওয়ার প্রত্যাশা করছেন বিজ্ঞানীরা।
রোমান টেলিস্কোপের বড় বৈশিষ্ট্য হলো—একসঙ্গে আকাশের বিস্তৃত অংশ পর্যবেক্ষণ করার সক্ষমতা। ফলে মহাবিশ্বের গঠন, পরিবর্তন ও বিবর্তন সম্পর্কে আগের তুলনায় আরও বিস্তৃত তথ্য সংগ্রহ করা সম্ভব হবে।
নাসার আশা, এই মিশনের মাধ্যমে মহাবিশ্বের ইতিহাস ও বিবর্তন সম্পর্কে মানুষের জ্ঞান আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে দূরবর্তী নক্ষত্র ও গ্রহ নিয়ে গবেষণায়ও নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
সূত্র: সায়েন্স ডেইলি










