ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬.৮৫ কেজি বিদেশি স্বর্ণ জব্দ করেছে দেশটির রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)। এ ঘটনায় পাঁচ বাংলাদেশি ট্রানজিট যাত্রীসহ একটি বেসরকারি বিমান সংস্থার এক গ্রাউন্ড স্টাফকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। এর আগে শনিবার মুম্বাই বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়।
ডিআরআই কর্মকর্তারা জানিয়েছেন, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুম্বাই আঞ্চলিক ইউনিটের কর্মকর্তারা বিমানবন্দর থেকে বের হওয়ার সময় একটি বেসরকারি বিমান সংস্থার গ্রাউন্ড স্টাফকে আটক করেন। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে মোমের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৪ ক্যারেটের স্বর্ণের গুঁড়াসহ সাতটি ক্যাপসুল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই গ্রাউন্ড স্টাফ স্বর্ণ পাচারের সঙ্গে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য দেন বলে দাবি করেছে ডিআরআই। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী সময়ে চক্রের আরও কয়েকজন সদস্যকে শনাক্ত করে আটক করা হয়। তাদের কাছ থেকে আরও নয়টি ক্যাপসুল উদ্ধার করা হয়েছে।
কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা মুম্বাই বিমানবন্দরকে একটি ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত থাকতে পারেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাই, থাইল্যান্ডের ব্যাংকক এবং মালদ্বীপের মালে থেকে যাতায়াতকারী ট্রানজিট যাত্রীদের ব্যবহার করে ভারতে স্বর্ণ পাচার করা হতো বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
ডিআরআই জানিয়েছে, পুরো অভিযানটির অভ্যন্তরীণ নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন মিডনাইট গোল্ডস্ট্রাইক’। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি রুপি।
এ ঘটনায় চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত কি না, স্বর্ণের মূল উৎস কোথায় এবং পাচারের সঙ্গে সংশ্লিষ্ট পুরো নেটওয়ার্ক কীভাবে পরিচালিত হতো—এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মুম্বাই বিমানবন্দরে ৬.৮৫ কেজি স্বর্ণ জব্দ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬
Keep Reading
Add A Comment
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত










