ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা এড়িয়ে কোনো দেশ তেহরানকে সহায়তা করলে তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
বুধবার মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ সতর্কবার্তা দেন। ভারত ও ইরানের মধ্যে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই রুবিওর এমন বক্তব্য সামনে এলো।
এর আগে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২৬তম সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বৈঠক হয়। বৈঠকের পর ভারত ও ইরান বাণিজ্য চুক্তির দিকে এগোচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়।
তবে রুবিও বলেন, তিনি মনে করেন না ভারত ও ইরানের মধ্যে কোনো বাণিজ্য চুক্তি হয়েছে। তার ভাষ্য, প্রতিটি দেশ নিজেদের পররাষ্ট্রনীতি অনুসরণ করে এবং অনেক দেশ ইরান সরকারের সঙ্গে যোগাযোগ রাখে। এমনকি বিভিন্ন আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রও ইরানি সরকারের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে।
রুবিও বলেন, কোনো দেশ যেন মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে ইরানকে সহযোগিতা না করে। একই সঙ্গে তেহরানকে রাজস্ব আয়ের নতুন উৎস তৈরিতে সহায়তা না করার আহ্বান জানান তিনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ইরান এসব অর্থ সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা এবং পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহার করতে পারে। তাই কোনো দেশ এ ধরনের সহযোগিতা করলে তাদের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করবে।
রুবিও আরও বলেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেটিই ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য। তেহরানের ওপর চাপ প্রয়োগে অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে প্রয়োজন হলে সামরিক শক্তি ব্যবহারের অধিকারও যুক্তরাষ্ট্র সংরক্ষণ করে বলে জানান তিনি।










