ভারতের দিল্লির লাহোরি গেট এলাকার একটি হোটেলে প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যার পর বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পুলিশ কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।
পুলিশ জানায়, রাজস্থানের বাসিন্দা ওই যুবক এবং বিহারের বাসিন্দা এক নারী বুধবার সন্ধ্যায় দিল্লির লাহোরি গেট এলাকার প্রিন্স হোটেলে ওঠেন। তারা সেখানে একটি কক্ষে অবস্থান করছিলেন। রাতের কোনো একসময় যুবকটি তার প্রেমিকাকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে ওই নারী গুরুতর আহত হন। পরে অভিযুক্ত যুবক নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে হোটেলের কর্মীরা কক্ষের ভেতরে ওই নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে ওই নারীকে মৃত ঘোষণা করা হয়। অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় যুবকটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।
ঘটনার পর পুলিশ হোটেল কক্ষটি পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে প্রেমের সম্পর্কের কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত করেনি পুলিশ। ঘটনার পেছনে কী ছিল এবং হামলার আগে দুজনের মধ্যে কোনো বিরোধ হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত চলছে। একই সঙ্গে অভিযুক্ত যুবকের সুস্থতার পর তার বক্তব্য নেওয়ারও চেষ্টা করা হবে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য পরিষ্কার হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।









