পবিত্র নগরী মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সৌদি আরবের দাবি, ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী এ হামলার চেষ্টা চালিয়েছিল। তবে হুথিরা মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরীফ বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং মক্কা ও মদিনার পবিত্রতা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পাকিস্তান সৌদি আরবের পাশে রয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় পাকিস্তানের জনগণ গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি ঘটনাটিকে ক্ষমার অযোগ্য বলেও মন্তব্য করেন।
সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, হুথিদের পাঠানো একটি ড্রোন মক্কার আকাশসীমায় পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে। ঘটনাটি নিয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে হুথিরা। তাদের রাজনৈতিক কার্যালয়ের সদস্য মোহাম্মদ আল ফারাহ এ দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছেন।
তিনি অভিযোগ করেন, ইয়েমেনে নিজেদের সংকট থেকে মানুষের দৃষ্টি সরাতেই সৌদি আরব এ ধরনের দাবি করছে। একই সঙ্গে মক্কা ও অন্যান্য পবিত্র স্থানকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ঘটনাটি নিয়ে সৌদি আরব ও হুথিদের বক্তব্যে ভিন্নতা থাকায় হামলার উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয়। এ ঘটনায় সৌদি আরবের নিরাপত্তা ব্যবস্থা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে।









