পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় আত্মঘাতী বোমা হামলার পর একটি অ্যাম্বুলেন্সে গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এতে এক উদ্ধারকর্মী নিহত ও দুজন আহত হয়েছেন। এর আগে পুলিশের একটি তল্লাশি চৌকিতে আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিহত এবং প্রায় ৩৫ জন আহত হন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) একটি সড়কের পাশে থাকা পুলিশ চেকপোস্টে বিস্ফোরকবোঝাই গাড়ি দিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে চেকপোস্টটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
প্রাদেশিক জরুরি সেবা বিভাগের মুখপাত্র বিলাল ফাইজির বরাতে এপি জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে। স্থানীয় পুলিশপ্রধান সফদার বালোচ জানান, নিহত ও আহতদের বেশিরভাগই নিরাপত্তাকর্মী ও পথচারী।
হামলার পর আহতদের হাসপাতালে নেওয়ার সময় ঘটনাস্থলে আসা একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি চালায়। এতে একজন উদ্ধারকর্মী নিহত এবং আরও দুজন আহত হন।
পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সশস্ত্র হামলার ঘটনা বেড়েছে। এসব হামলার অনেকগুলোর দায় টিটিপি ও বেলুচিস্তানভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) স্বীকার করেছে।
হামলার ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিন্দা জানিয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক সীমান্ত সংঘাতের মধ্যেই নতুন এ হামলার ঘটনা ঘটল। পাকিস্তানি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে আফগানিস্তানে টিটিপির তৎপরতার অভিযোগ করে আসছেন। তবে আফগান কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।










