হরমুজ প্রণালি এলাকায় দুটি তেলবাহী ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হানার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, একটি ট্যাংকারে আঘাতের পর অল্প সময়ের জন্য আগুন ধরে যায় এবং জাহাজটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
আরব নিউজের প্রতিবেদনের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার হরমুজ প্রণালি অতিক্রমের সময় প্রথম ট্যাংকারটি আক্রান্ত হয়। ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, জাহাজটি প্রণালি থেকে বের হওয়ার সময় কোনো একটি অজ্ঞাত বস্তু বা প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।
আঘাতের পর জাহাজটিতে ছোট আকারের আগুন দেখা দেয় এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একই সঙ্গে পরিবেশের ওপরও কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ইউকেএমটিও।
জাহাজটি হামলার পর আবারও যাত্রা শুরু করতে সক্ষম হয়েছে। তবে ট্যাংকারটি কোথা থেকে যাত্রা শুরু করেছিল কিংবা এর গন্তব্য কোথায় ছিল, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি যুক্তরাজ্যের সামুদ্রিক সংস্থাটি।
প্রথম ঘটনার কয়েক ঘণ্টা পর ওমানের পূর্বাঞ্চলের কাছে আরেকটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে একই ধরনের ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হানার খবর পাওয়া যায়। ইউকেএমটিও জানিয়েছে, দ্বিতীয় জাহাজে থাকা সব নাবিক নিরাপদে আছেন এবং এ ঘটনায়ও পরিবেশের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ইরান যুদ্ধ শুরুর আগে এই জলপথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করা হতো।
প্রতিবেদন অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। যুদ্ধ শুরুর পর থেকে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে এবং কয়েকটি জাহাজে হামলার ঘটনাও ঘটেছে।
সাম্প্রতিক দুই হামলার ঘটনায় কারা জড়িত বা কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইউকেএমটিও জানিয়েছে, ঘটনাগুলোর তদন্ত চলছে।










