ইসরায়েলের নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষ হলেও কোনো পক্ষ স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারেনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী শিবির।
প্রাথমিক হিসাব অনুযায়ী, নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি এবং গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী শিবির ৪৮টি আসন পেতে পারে। অন্যদিকে, আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্ট ও রা’আম সম্মিলিতভাবে ১৯টি আসন পেতে পারে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ লাখের বেশি বিশেষ খামের ভোট গণনা বাকি রয়েছে। এসব ভোটের মধ্যে সেনাসদস্য, কূটনীতিক এবং নিজ নিবন্ধিত কেন্দ্রের বাইরে ভোট দেওয়া ব্যক্তিদের ব্যালট রয়েছে। ফলে চূড়ান্ত ফলাফলে আসন বণ্টনে পরিবর্তন আসতে পারে।
২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর এটিই ইসরায়েলের প্রথম নির্বাচন। গাজায় যুদ্ধ ও ব্যাপক প্রাণহানির প্রেক্ষাপটে এই ভোটকে নেতানিয়াহুর নেতৃত্বের ওপর গণরায় হিসেবে দেখা হচ্ছে।
নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। চূড়ান্ত ফল প্রকাশের পর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আলোচনা শুরু করবেন। সরকার গঠনের প্রক্রিয়া দীর্ঘায়িত হয়ে যেন আরেকটি নির্বাচনের পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছেন তিনি।
সূত্র: আল জাজিরা









