সরকারি অনুমোদন ও দাপ্তরিক কার্যক্রম শেষ না হওয়ায় আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে না। সংশ্লিষ্টদের আশা, প্রয়োজনীয় কাজ শেষ করতে ৩ থেকে ৪ নভেম্বর পর্যন্ত সময় লাগতে পারে।
বৃহস্পতিবার কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা শেষে এ তথ্য জানান সী ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর।
তিনি জানান, চলতি মৌসুমে তিনটি জাহাজ চলাচলের অনুমোদন পেয়েছে। আরও সাতটি জাহাজের জন্য আবেদন করা হয়েছে। অনুমোদন পাওয়া জাহাজগুলো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেলেও কিছু দাপ্তরিক কাজ বাকি রয়েছে। ফলে ১ নভেম্বরের আগে জাহাজ চলাচল শুরু করা সম্ভব হচ্ছে না।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী জানান, পরিবেশ ও প্রতিবেশ রক্ষা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নির্ধারিত শর্ত বাস্তবায়নে সংশ্লিষ্টরা কাজ করছেন। আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের নিবন্ধনের জন্য ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইট খুলে দেওয়া হবে।
সম্প্রতি কক্সবাজারের পাটুয়ারটেকের টুপটুপ রিসোর্ট ও সুগন্ধা পয়েন্টের দি সী প্রিন্সেস হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার পর পর্যটন ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, ট্যুরিজম বোর্ড এবং পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।









