প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের এক লাখ এতিম ও দুস্থ শিশুকে সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, এতিম ও অসহায় মানুষের কল্যাণে সরকারের বিভিন্ন কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে।
শুক্রবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের পটিয়া উপজেলার আল জামেয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, এতিমদের দায়িত্ব সরকারের। এ দায়িত্ব যথাযথভাবে পালনে সরকার সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করছে। এতিম ও দুস্থ শিশুদের সহায়তার জন্য ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি অনাথ ও এতিমদের কল্যাণে সরকারি উদ্যোগের পরিধি আরও বাড়ানো হচ্ছে।
এ সময় এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সরকারের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন মন্ত্রী।
কওমি মাদরাসার শিক্ষার গুরুত্ব তুলে ধরে জাহিদ হোসেন বলেন, এসব প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে অনেকে দেশের ধর্মীয় অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রসারে মাদরাসা শিক্ষার ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
মাদরাসার প্রধান পরিচালক মাওলানা মো. খোবাইবের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ধর্মীয় নেতা, সমাজসেবা বিভাগের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। অনুষ্ঠানে হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীসহ দেশি-বিদেশি আলেমরা উপস্থিত ছিলেন।
জুমার নামাজের পর দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী।










